ফেনীতে একের পর এক চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে চোরচক্র। জানালার গ্রিল, ঘরের তালা ও টিনের চাল কেটে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট হচ্ছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রমতে জেলায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যানে মোট ১ হাজার ৩৬৫টি অপরাধমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাদকদ্রব্য সংক্রান্ত ৩৬৬টি এবং অন্য ক্যাটাগরিতে ৯৯৯টি ঘটনা থানায় রেকর্ডভুক্ত রয়েছে। এর মধ্যে ১৮টি খুন ও সড়ক দুর্ঘটনায় ৬১ জনের মৃত্যু ঘটেছে। এর বাইরে আরও অনেকগুলো চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের খাতায় রেকর্ডভুক্ত হয়নি। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা-উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জেলায় ৪টি ডাকাতি, ১৮টি দস্যুতা, ১৮টি খুন, ১২৭টি চুরি, ১৫৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনার কথা নথিভুক্ত হয়েছে। একই সময়ে ২১টি চোরাচালান সংক্রান্ত ঘটনাও রেকর্ড করা হয়েছে। এর বাইরে বিভিন্ন বাসা-বাড়িতে বেশ কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও তা পুলিশের রেকর্ডভুক্ত হয়নি।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলায়, ৫০৬টি। এরপর রয়েছে ছাগলনাইয়া উপজেলায় ২০৩টি, দাগনভূঞায় ১৭৩টি এবং সোনাগাজীতে ১৬৫টি ঘটনা। ফুলগাজীতে ৮৮টি এবং পরশুরামে ৫৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ফেনী সদর এলাকায় মাদকদ্রব্য সংক্রান্ত ঘটনা সবচেয়ে বেশি, ১৬২টি। এ আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়া সদর উপজেলায় ৮৩টি নারী ও শিশু নির্যাতন, ৬৮টি চুরি এবং ৩৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে বসতঘরে ঢুকে এক ওমানপ্রবাসীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদটাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া বনানীপাড়ার ভূঁইয়া ভবনের দ্বিতীয় তলায় ওমান প্রবাসী আবদুর রশিদ ভূঁইয়া ও তার স্ত্রী বসবাস করতেন। রাত ৩টার দিকে সাত থেকে আটজনের একটি সশস্ত্র ডাকাতদল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাধা দিতে গেলে আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ডাকাতরা ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ বিপুল পরিমাণ টাকা লুট করে নিয়ে সটকে পড়েন।
গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে শহরের মহিপাল ফলের আড়ৎসংলগ্ন রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় প্রবাসীর বাসায় ঢুকে এক গৃহবধূকে ছুরি দেখিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত গৃহবধূ শাহানা আক্তারের অভিযোগ, দুই ব্যক্তি জোর করে বাসায় ঢুকে তাকে ছুরি দেখিয়ে মুখ বেঁধে ফেলেন। পরে গলা চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে বাসায় থাকা নগদ ১০ লাখ ৬০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তারা।
গত ১৩ সেপ্টেম্বর ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে চুরি হয় ৪ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা। এর আগের দিন সদর উপজেলার মধ্য ধলিয়া গ্রামে পাঁচ বাড়িতে হয় গণডাকাতি। এ সময় এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিতে তার কান কেটে দেয় ডাকাতরা।
চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০০ ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলায়। সর্বশেষ গত ৮ অক্টোবর রাতে আমিরাবাদ ইউনিয়নের চর ডুব্বা গ্রামের বড় বাড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটে।
এর আগে গত ৩ অক্টোবর সোনাগাজী পৌর এলাকার আল হেলাল একাডেমি রোডের মমতাজ মহলের চতুর্থ তলায় তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে। গত ১ অক্টোবর রাতে সোনাগাজী সদর ইউনিয়নে এক সৌদিপ্রবাসীর বসতঘর থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া যায়। একই রাতে আমিরাবাদ ইউনিয়নে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনাও ঘটে। এ ছাড়া গত ২১ সেপ্টেম্বর সোনাগাজী কলেজ রোডের একটি বাসায় পরপর দুদিন চুরির ঘটনা ঘটে।
বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিরা বলেন , চুরি-ডাকাতির ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলেও চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়া এবং অপরাধীরা শনাক্ত না হওয়ায় উদ্বেগ বাড়ছে। অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় জেলাজুড়ে এ ধরনের ঘটনা বেড়েই চলছে।
<span;>এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নির্জন ও দূরবর্তী কিছু এলাকায় কিছু চুরির ঘটনা ঘটছে। যেসব বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, সেগুলোর বেশির ভাগেই ঘটনার সময় কেউ ছিলেন না। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে চোরদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে।