ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসন, ফেনী সদর এবং জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘বগুড়ার দই’ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই অপরাধে ব্যবসায়ী নীরব ঘোষ ও শুভাস ঘোষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...