ফেনীর ছাগলনাইয়ায় কৌশলে ডেকে নিয়ে এক সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ীকে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীর দোকান থেকে আট লাখ ৫০ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা আরও ৪০ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে অপহরণকারীদের একজন টাকা আনতে গেলে অপরজনের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় কুমিল্লার আদর্শ সদর থানার দৌলতপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে খোকন আহমেদসহ অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম থানাপাড়ার লাকি ভবনের দোতলায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্যে জানা গেছে। নিজাম উদ্দিন ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের বাসিন্দা। তিনি আবুল কাশেমের ছেলে এবং ছাগলনাইয়া বাজারের সততা মোটরসের মালিক। নিজাম উদ্দিনের অভিযোগ, ‘খোকন আহমেদ ফেনীর লালপোলে ভাড়া বাসায় থাকেন। তিনি প্রায়ই তার দোকান থেকে সিএনজিচালিত অটোরিকশা কিনতেন। প্রায় দুই সপ্তাহ আগে খোকন তাকে জানান, ছাগলনাইয়া থানাপাড়ার এক নারী তিনটি সিএনজি অটোরিকশা কিনবেন। এজন্য ওই নারীর বাসায় গিয়ে টাকা নিয়ে আসতে হবে। তবে বাসায় গিয়ে টাকা নিতে রাজি হননি তিনি। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোকন সততা মোটরসে অবস্থান করে তিনটি সিএনজি অটোরিকশা কেনার জন্য পছন্দ করেন। পরে জোরাজুরি করে নিজামকে সঙ্গে নিয়ে লাকি ভবনের দোতলায় যান তিনি। সেখানে একটি কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে আগে থেকে অবস্থান নেওয়া এক ব্যক্তি তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে ফেলেন এবং মুখে এস্কচটেপ লাগিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীর ভাষ্য, শুক্রবার ভোরে অভিযুক্ত দুজনের একজন দোকানে গিয়ে তালা খুলে আলমারি থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকাও লুট করা হয়। পরে টাকা আনতে যাওয়া ব্যক্তি ফিরে না আসার সুযোগে অপরজনের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে পালিয়ে যান তিনি। ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।