ফেনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজের কখনো বোঝা হতে পারে না, তাঁরা সমাজের একটা সম্পদ।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সঠিক দিক নির্দেশনা ও সহযোগীতা পেলে সমাজের জন্য তাঁরা ভালো ফলাফল নিয়ে আসবে।
দেশের উন্নয়নে প্রতিবন্ধীদের অনেক অবদান রয়েছে।
তিনি আরও বলেন, সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নত জীবন লাভে আমাদের সচেষ্ট থাকতে হবে।
বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান আরিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: আলাউদ্দিন, সুইড ফেনী শাখার নির্বাহী সচিব এডভোকেট সমীর চন্দ্র কর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া ফারুক, অভিভাবক সদস্য মো: জসিম উদ্দিন।
উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্টে ৬৫ জন অংশগ্রহণকারীদের মধ্যে ৩৯ জন বিজয়ী প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।