ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগসহ সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন।
একইসাথে বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং তাঁরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় রোগীদের মানসম্মত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিফ সাব্বিরসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সিভিল সার্জনের এ পরিদর্শন হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।