ফেনী বিএনপিতে ক্ষোভ বাড়ছে। ত্যাগিদের বাদ দিয়ে তেলবাজ ও অন্যদল থেকে আসা এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগ-জামায়াতকে বেশি সুযোগ দেয়ার অভিযোগে এরইমধ্যে কয়েক নেতা বিএনপি থেকে অব্যহতি নিয়েছেন। সবশেষ ফেনী জেলার দুটি কারাগারে বেসরকারি পরিদর্শক নিয়োগ নিয়ে ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কফিল উদ্দিন মামুন।
বিভিন্ন সূত্র জানায়, ফেনী কারাগার-১ ও ২ এর জন্য ১৪ জনকে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে আগামী দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া চারজন সংসদ সদস্যসহ সকলেই বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।
রাণীরহাটের ফেনী কারাগার-১ এ নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার এবং সাধারণ সম্পাদক জয়নব বানু।
শহরের জেল রোডস্থ ফেনী কারাগার-২ এ নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেনী আদালতের আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান এবং ফেনী পৌর মহিলা দলের নেত্রী রোকসানা আক্তার।
এরপরপরই ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দেন কফিল উদ্দিন মামুন।
সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে তার ফেসবুক আইডিতে এ সিদ্ধান্ত ঘোষণা দেন। পোস্টজুড়ে তিনি দলের নীতিনির্ধারণী নানা বিষয়ে বঞ্চনার কথা তুলে ধরেন। মামুন ফেসবুকে লেখেন, যারা শুধু ১৭ বছর নয় সেই জয়নাল হাজারীর আমল থেকেই যুদ্ধ করে আসছিল তারা আজ পরগাছার প্রভাবে বঞ্চিত।
এর আগে জেলা বিএনপির আরেক সদস্য, যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
গত ২ নভেম্বর রাতে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এদিকে, নেতাকর্মীদের অভিযোগ জয়নাল আবদিন সংসদ সদস্য নির্বাচিত হয়েই ২০০১ সালের নীতিতে ফিরে গেছেন। নিচের চারপাশ জাসদা থেকে আসা বিএনপি দিয়ে ঘেরাওতে ব্যস্ত। এই নিয়ে ব্যাপক ক্ষোভ চলছে নির্বাচনের পর থেকেই।
এর আগে সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি সংক্রান্ত কমিটির সদস্য হিসাবে জাসদ থেকে আসা এডভোকেট শেখ বাহার উল্লাহ ও শ্বশুর পক্ষের আত্নীয় এডভোকেট সাইফুল ইসলামকে দিয়েছেন।
জেলা শিক্ষক বদলী সংক্রান্ত কমিটির সদস্য হিসাবে জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মোতালেব ও ব্যক্তিগত লোক হিসেবে পরিচিত জামাল উদ্দিনকে দিয়েছেন। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও চাপের ততকালীন জেলা প্রশাসক জেলা বদলি কমটির দুইজনকে পরিবর্তণ করতে বাধ্য হন।
এছাড়াও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ভিপি জয়নালের দেয়া তালিকায় আওয়ামীলীগ ও জামাত-শিবিরের লোকজনের নাম থাকার অভিযোগ রয়েছে। এ নিয়ে সদর উপজেলার ১২ ইউনিয়ন সভাপতি ও সম্পাদকসহ বিএনপি নেতাকর্মীরা ইউএনও কার্যালয় ঘেরাও ও ঝাড়ু মিছিল করেন।
কারা পরিদর্শক প্রসঙ্গে ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, সবমিলিয়ে ২০-২৫টি আবেদন ছিল। যাচাই-বাছাইয়ে মন্ত্রী ও এমপিরা যাদের নাম প্রস্তাব দিয়েছেন, বিধি অনুযায়ী গত মাসে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সেভাবে নাম পাঠানো হয়েছিল।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন জানান, এ বিষয়ে লিখিত কোনো দরখাস্ত পাইনি। তবে দলের ত্যাগীদের বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করলে আগামীতে দল ত্যাগী শূন্য হয়ে যাবে।
আর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, সামাজিক যোগ্যোগ মাধ্যমে মামুনের অব্যাহতির কবর জেনেছি। এ ধরণের সিদ্ধান্ত দলের জন্য অস্বস্তি উল্লেখ করে ঘরোয়াভাবে বৈঠকের উদ্যোগ নেয়া হবে।