ফেনীতে ডেঙ্গু মহামারি আকার ধারণ করছেরউল্লেখ করে প্রতিরোধে জনসচেতনতার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুবউল করিম। তিনি বলেন এডিস মশার উৎপত্তিস্থল ধংস করা হলে ডেঙ্গু প্রকোপ কমে যাবে। শুক্রবার (২৩ অক্টোবর) ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে খুৎবার আগে এসব কথা বলেন জেলা প্রশাসক।
পদাধিকার বলে মসজিদটির সভাপতি জেলা প্রশাসক বলেন বাসাবাড়ি চারপাশে জমে থাকা পানি অপসারণ ও পরিস্কার রাখলে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস হয়ে যাবে। এতে করে ডেঙ্গু আক্রান্ত সংখ্যাও কমবে। এভাবেই ডেঙ্গু মোকাবেলা সম্ভব উল্লেখ করে উপস্থিত মুসল্লিদের শর্তক হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতনায় ভূমিকা রাখার আহবান জানান মাহবুবউল করিম।
এসময় রাষ্ট্র অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি ফেনীবাসীর আকাঙ্খার প্রতিফলন ঘটনাতে সবার কাছে দোয়া প্রার্থনা করেন জেলা প্রশাসক। নিজের পরিবারের সদস্যদের জন্যও মুসল্লিদের কাছে দোয়া কামনা করে সবার প্রতি দোয়া ও শুভকামনা জানান ডিসি মাহবুবউল করিম। সবাির সহযোগিতায় সুন্দর ফেনী গড়ে তোলার প্রত্যয়ও জানান জেলা প্রশাসক।
ফেনীতে বছরে ডেঙ্গু রোগী বেড়েছে ৬ গুণ
এদিকে ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। বিপরীতে, গত বছর পুরো বছরে আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ছয় গুণ। চলতি মাসের প্রথম ২২ দিনেই আক্রান্ত হয়েছেন ৪৬৪ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজনের ফল পজিটিভ এসেছে। নতুন শনাক্ত সাতজনই ফেনী সদর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪৯৭ জন। অক্টোবরের ২২ দিনেই শনাক্ত হয়েছেন ৪৬৪ জন। ফলে মাস শেষ হওয়ার আগেই চলতি মাসে আক্রান্তের সংখ্যা গত মাসের কাছাকাছি পৌঁছে গেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।
ফেনী সদরে সর্বোচ্চ সংক্রমণ
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে ফেনী সদর উপজেলায়। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৯০৬ জন। এ ছাড়া সোনাগাজীতে ১১৬, দাগনভূঞায় ৮০, ছাগলনাইয়ায় ৫৯, পরশুরামে ৩০ এবং ফুলগাজীতে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
মোট আক্রান্তের বড় অংশই ফেনী সদর উপজেলার বাসিন্দা। ফলে জেলা শহর ও আশপাশের এলাকায় মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দ্রুত রোগী শনাক্তের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
হাসপাতালে ভর্তি ৪৭, সুস্থ ৭৫৩
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮০০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বর্তমানে ফেনী সদর উপজেলায় ৩৮ জন, দাগনভূঞায় চারজন, ছাগলনাইয়ায় দুজন, সোনাগাজীতে দুজন ও পরশুরামে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ফুলগাজীতে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি নেই।
পরীক্ষার কিট মজুত ৩ হাজার ৬০৮টি
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ডেঙ্গু শনাক্তে জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে মোট ৩ হাজার ৬০৮টি পরীক্ষার কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ২ হাজার ৮০১টি, ছাগলনাইয়ায় ৩৭২টি, সোনাগাজীতে ২০৭টি, ফুলগাজীতে ৮৯টি, দাগনভূঞায় ৮৮টি ও পরশুরামে ৫১টি কিট রয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান জানান, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা জরুরি। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদের জমে থাকা পানি এবং অন্যান্য স্থানে এডিস মশার প্রজনন হতে পারে। জ্বর দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত।