চট্টগ্রামের পটিয়ায় ১৬ লাখ টাকা মূল্যের ৩০০ বস্তা চিনিসহ কাভার্ডভ্যান গায়েবের ঘটনায় চকরিয়া থেকে আরও সাড়ে ৭ টন চিনির চালান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার হারবাং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেলের একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে এই চিনি উদ্ধার করা হয়।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত লুণ্ঠিত ৩০০ বস্তার মধ্যে ২৮৪ বস্তা (১৪.২ টন) উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যান চালক মো. আলমগীর পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ১৫ টন চিনি আত্মসাৎ করে। পরবর্তীতে চকরিয়া ও আজিজনগর এলাকার অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে বাজারমূল্যের চেয়ে কম দামে এসব চিনি বিক্রি করে দেয়া হয়।
এই সিন্ডিকেটের অন্যতম মূলহোতা আজিজনগর বাজারের ‘রাজিব স্টোর’-এর মালিক মো. রাহাত উদ্দিন জুয়েল এবং চকরিয়ার নোনাছড়ির বন্ধ দোকানের মালিক রাসেল—যারা সম্পর্কে দুই ভাই।
রাসেল উদ্দিন হারবাং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক। বান্দরবানের আজিজনগর বাজারে জুয়েলের গোডাউন থেকে প্রথম দফায় ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার নোনাছড়িতে জুয়েলের ভাই রাসেলের বন্ধ টেইলার্স থেকে আরও ১৫০ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল আহমদ জানান, উদ্ধার অভিযানের খবর পেয়ে অসাধু ব্যবসায়ী জুয়েল ও রাসেল পরিবারসহ বাড়ি-ঘর তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছে।
গায়েব হওয়ার নাটক ভেস্তে যাওয়ার পর লুণ্ঠিত চিনির মালিক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। মামলায় কাভার্ডভ্যান চালক আলমগীর ও মুদি দোকানি রাহাত উদ্দিন জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়।
বাদী মামলায় উল্লেখ করেন, চালক আলমগীর বিশ্বাস ভঙ্গ করে অন্যান্য আসামিদের সাথে যোগসাজশে ১৬ লাখ টাকার চিনি আত্মসাৎ করেছেন।