জেলা পুলিশের আয়োজনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনী। সঞ্চালনা করেন জনাব সৈয়দ মুমিদ রায়হান, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল), ফেনী।
উক্ত বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের কর্মকালীন সময়ে ফেনী জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, পুলিশি সেবার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ তাঁদের বক্তব্যে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্ব, কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও অভিভাবকসুলভ আচরণের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করেছে। তাঁর কর্মকালীন সময়ের অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা ফেনী জেলা পুলিশের সদস্যদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় বিদায়ী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তাঁর বক্তব্যে ফেনী জেলায় দায়িত্ব পালনকালে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার জন্য সকল পুলিশ সদস্যকে আহ্বান জানান।
পরিশেষে, ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের আগামী কর্মজীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী; ফেনী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।