একইদিনে ফেনী জেলা শহর ও সোনাগাজীতে পৃথক ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর রিতিমত হৈ চৈ শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে মিছিল হতে পারে এমন আগাম তথ্য থাকার পরও পুলিশ কেন নিরব। তথ্যমতে বিএনপির একাধিক নেতা মোবাইল ফোন ও সরাসরি গিয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন এসআইকে সম্ভাব্য স্থান ও সময় দিয়ে নিষিদ্ধ সংগঠন মিছিল করতে পারে এমন তথ্য দিয়েছেন দুইদিন আগে। এমন তথ্য ছিলো গোয়েন্দা সংস্থার কাছেও। অথচ তার দুইদিন পর শুক্রবার (৩০ অক্টোবর) সকালের দিকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানারে ফেনী শহরের ট্রাঙ্ক রোডে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে সোনাগাজী উপজেলা পরিষদের সামনে ঝটিকা মিছিল করা হয়। মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
ফেনীর ট্রাঙ্ক রোডে ফেনী পৌর আওয়ামী লীগ’ লিখা সম্বলিত ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। ব্যানারে ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্বাগত মিছিল’ লেখা ছিল। ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে ১৫ থেকে ২০ জনের একদল তরুণকে এই ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। ভিডিওর দৃশ্যপট অনুযায়ী, মিছিলটি ফেনী মডেল থানা থেকে অল্প দূরে শহরের ট্রাঙ্ক রোডের মুক্তবাজারের সামনে থেকে কুমিল্লা বাসস্ট্যান্ডের দিকে যেতে দেখা যায়।
অক্টোবর মাসে প্রতি সপ্তাহে শহরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এনিয়ে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা ক্ষোভ জানিয়ে বলেন পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠন মিছিল করে, প্রশাসনের কি ভূমিকা।
আরেক নেতা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, মিছিলের দুইদিন আগে বিকেলে তিনি থানায় গিয়ে ওসিকে মিছিল হতেরপারে তথ্য দিয়েছিলেন।
আরেকজন বলেন আমিনুল ইসলাম ওসি হয়ে ফেনী থানায় যোগদানের পর থেকেই ছাত্রলীগ প্রকাশ্যে মিছিল করছে।
এদিকে বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম যোগদানের পর থেকে প্রতি সপ্তাহে মিছিল বের করে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লোকের অংশগ্রহণে একটি মিছিলের ভিডিও দেখা গেছে। তবে মিছিলের স্থান এবং তা শুক্রবারের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে উপস্থিতিদের শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে একই দিন সোনাগাজী উপজেলা পরিষদের সামনে ১০ থেকে ১২ জনের একটি দলের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে ১০ থেকে ১২ জনের একটি দল মিছিল করছে। ভিডিওর দৃশ্যপট অনুযায়ী সকালের দিকে মিছিলটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘রোডম্যাপ চূড়ান্ত, স্বদেশ প্রত্যাবর্তন-২ লোডিং’। ব্যানারে সোনাগাজী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীর নাম লেখা রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদের সামনের সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে ব্যানার গুটিয়ে স্থান ত্যাগ করে ফেনীর দিকে চলে যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, শুক্রবার ভোরে ফেনী সদর থেকে একটি মাইক্রোবাসে করে বেশকয়েকজন যুবক সোনাগাজীতে নামেন। এ সময় তারা একটি ব্যানার প্রদর্শন করে কিছু স্লোগান দিয়ে ঝটিকা একটি মিছিল করে দ্রুত ব্যানার গুটিয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এ পর্যন্ত ৭জনকে আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যারা মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।