ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রহিম উল্যার সোনাগাজীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাজী রহিম উল্যাহ ২০২৪ সালের ৪ আগষ্ট ফেনীর মহিপালে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে গণহত্যা মামলার আসামী হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তার পরিবার ও অন্যান্যরা ঢাকায় বসবাস করছেন।
স্থানীয়রা জানায়, ভোর ৩টার দিকে মুখোশ পরা বেশ কয়েকজন দুর্বৃত্ত রহিম উল্যার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাড়িতে ঢুকে একটি পিকআপভ্যান ও বাড়ির আসবাবপত্রে আগুন দিয়ে পালিয়ে যান। আগুন দেখে ঘরের পাহারাদারদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘরের কিছু আসবাবপত্র ও ঘরের সামনে থাকা একাধিক গাড়ি পুড়ে গেছে।
সোনাগাজী মডেল থানা ওসি আবুল হাসিম জানান, আগুনের ঘটনা শুনতে পেয়েছি। কিভাবে এ আগুনের সূত্রপাত হলো তথ্য অনুসন্ধানে আমরা কাজ করছি।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।