আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়নে তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে জেলার নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এ ধাপে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। বাকি ২৯টি ইউনিয়নে ভোট হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে।
নির্বাচন কমিশনের (ইসি) খসড়া তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ফেনী সদর ও সোনাগাজী উপজেলার ২১টি ইউনিয়নে এবং ২৯ এপ্রিল তৃতীয় ধাপে দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে দেশব্যাপী পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হলেও ফেনীর কোনো ইউনিয়নে চতুর্থ ও পঞ্চম ধাপে ভোট হচ্ছে না।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৪তম সভায় ইউপি নির্বাচনের ধাপ ও সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের নির্বাচনের সময়সূচি জানান।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ছাগলনাইয়া উপজেলার পাঁচটি, ফুলগাজীর ছয়টি এবং পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ১২টি ও সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ধাপে ২৯ এপ্রিল দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
প্রথম ধাপের ভোটের প্রায় ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ করবে কমিশন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়নি বলেও জানান তিনি।