শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

১৩ নভেম্বর কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে?

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

২০২৬ সালের ১৩ নভেম্বর, শুক্রবার। দিনটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয় নিয়ে ৬৬ বছর আগের একটি ভবিষ্যদ্বাণী।

আলোচনার সূত্রপাত ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণাপত্র। অস্ট্রীয়-মার্কিন পদার্থবিদ হেইঞ্জ ফন ফোরস্টার এবং ইউনিভার্সিটি অব ইলিনয়ের দুই গবেষক প্যাট্রিশিয়া মোরা ও লরেন্স অ্যামিয়ট যৌথভাবে গবেষণাটি প্রকাশ করেন।

গবেষণাটির শিরোনাম ছিল— ‘ডুমসডে: শুক্রবার, ১৩ নভেম্বর, এ.ডি. ২০২৬’। অর্থাৎ, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবারকে সম্ভাব্য ‘ডুমসডে’ বা মহাপ্রলয়ের দিন হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তবে শিরোনাম দেখে বিষয়টিকে পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী মনে হলেও গবেষকদের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব জনসংখ্যার অস্বাভাবিক দ্রুত বৃদ্ধির প্রবণতা তুলে ধরা।

কী ছিল ১৯৬০ সালের সেই গবেষণায়?
গবেষকেরা খ্রিস্টীয় যুগের শুরু থেকে ১৯৫৮ সাল পর্যন্ত বিশ্বের জনসংখ্যার বিভিন্ন ঐতিহাসিক হিসাব বিশ্লেষণ করেন। এসব তথ্যের ভিত্তিতে তারা জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল তৈরি করেন। তাদের বিশ্লেষণে উঠে আসে, মানবসভ্যতার ইতিহাসে জনসংখ্যা শুধু একটি নির্দিষ্ট হারে বাড়েনি; বরং অনেক ক্ষেত্রে বৃদ্ধির গতিও সময়ের সঙ্গে দ্রুত হয়েছে। এই প্রবণতাকে তারা ‘হাইপারবোলিক গ্রোথ’ বা অতিবর্ধনশীল জনসংখ্যা বৃদ্ধি হিসেবে ব্যাখ্যা করেন।

গবেষকদের ধারণা ছিল, মানুষের যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্পর্ক এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের সক্ষমতা ক্রমাগত বাড়ছে। এর ফলে মানুষ পরিবেশগত সীমাবদ্ধতা মোকাবিলা করে আরও বেশি সংখ্যায় টিকে থাকতে ও বংশবিস্তার করতে সক্ষম হচ্ছে।

এই ঐতিহাসিক প্রবণতার ওপর ভিত্তি করে তারা একটি গাণিতিক সমীকরণ তৈরি করেন। সমীকরণটি ভবিষ্যতে একইভাবে কার্যকর থাকবে; এমনটি ধরে নিয়ে হিসাব করলে ২০২৬ সালের নভেম্বর মাসে জনসংখ্যা গাণিতিকভাবে অসীমের দিকে ধাবিত হওয়ার কথা পাওয়া যায়।

গবেষণায় এই কাল্পনিক সীমাবিন্দুর হিসাব ছিল ২০২৬.৮৭। সেখান থেকেই ১৩ নভেম্বর তারিখটি আলোচনায় আসে।

কিন্তু গবেষকেরা কি সত্যিই পৃথিবী ধ্বংসের কথা বলেছিলেন? এর সরল উত্তর হলো; না। গবেষকেরা পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষ, সূর্যের বিস্ফোরণ, ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিংবা অন্য কোনো মহাজাগতিক বিপর্যয়ের কথা বলেননি।

তারা মূলত জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল নিয়ে আলোচনা করেছিলেন। সেই মডেল অনুযায়ী, অতীতের প্রবৃদ্ধির ধারা অপরিবর্তিত থাকলে একটি নির্দিষ্ট সময়ে জনসংখ্যার হিসাব অসীমের দিকে চলে যাবে।

বাস্তবে কোনো নির্দিষ্ট দিনে পৃথিবীর জনসংখ্যা অসীম হয়ে যাওয়া সম্ভব নয়। এখানে ‘অসীম’ বলতে বোঝানো হয়েছে গাণিতিক সমীকরণের একটি তাত্ত্বিক সীমাবিন্দু, যা বাস্তব পৃথিবীর পরিস্থিতির সঙ্গে সরাসরি মেলানো যায় না।

অর্থাৎ, গবেষণাটির ‘ডুমসডে’ শব্দটি ছিল জনসংখ্যা বৃদ্ধির সম্ভাব্য পরিণতি নিয়ে একটি সতর্কতামূলক ও গাণিতিক ধারণা; পৃথিবী ধ্বংসের কোনো বৈজ্ঞানিক ঘোষণা নয়।

১৯৬৪ সালের একটি সংবাদপত্রের কাটিং কেন আলোচনায়?
বিষয়টি নতুন করে আলোচনায় আসার পেছনে ১৯৬৪ সালের ২৯ নভেম্বর প্রকাশিত মিশরীয় সংবাদপত্র ওয়াতানি-র একটি পুরোনো কাটিংয়েরও ভূমিকা রয়েছে। মিশেল তাকলার নামে প্রকাশিত ওই লেখায় ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর সমাপ্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে।

সম্প্রতি মিশরের কয়েকটি গণমাধ্যমে পুরোনো কাটিংটির ছবি পুনঃপ্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। ১৯৬০ সালের বৈজ্ঞানিক গবেষণাটি হেইঞ্জ ফন ফোরস্টার ও তার সহকর্মীদের লেখা। অন্যদিকে, ১৯৬৪ সালের সংবাদপত্রের লেখাটি আলাদা একটি প্রকাশনা।

বিভিন্ন প্রতিবেদনে মিশেল তাকলারের লেখার বিষয়বস্তু নিয়েও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কোথাও জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে, আবার কোথাও সৌর কার্যকলাপ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ এসেছে। তাই মূল লেখার পূর্ণাঙ্গ বিষয়বস্তু যাচাই না করে এসব দাবিকে একই বৈজ্ঞানিক তত্ত্বের অংশ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

১৩ নভেম্বর কি কোনো ভয়াবহ সৌরঝড় বা মহাজাগতিক বিপর্যয় ঘটবে?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিতে ১৩ নভেম্বরের সঙ্গে সৌর কার্যকলাপ, চৌম্বকীয় অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক টানা হচ্ছে। কিন্তু এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

সৌর কার্যকলাপ একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। সূর্য নির্দিষ্ট চক্রে তার সক্রিয়তার মাত্রা পরিবর্তন করে। কখনো সূর্যে শক্তিশালী সৌরঝড় বা করোনাল মাস ইজেকশন তৈরি হয়। এসব ঘটনা পৃথিবীর চৌম্বকক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

শক্তিশালী সৌরঝড়ের কারণে স্যাটেলাইট, যোগাযোগব্যবস্থা, নেভিগেশন প্রযুক্তি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে। তবে এর অর্থ এই নয় যে কোনো নির্দিষ্ট দিনে সূর্য পৃথিবী ধ্বংস করে দেবে।

জ্যোতির্বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর এমন কোনো পরিচিত বা পূর্বাভাসযোগ্য মহাজাগতিক ঘটনা নেই, যা পৃথিবীর অস্তিত্বের জন্য বিশেষ কোনো হুমকি তৈরি করবে। অতএব, সৌরঝড়ের বাস্তব ঝুঁকিকে পৃথিবী ধ্বংসের অপ্রমাণিত ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়।

কেন ভুল প্রমাণিত হলো ১৯৬০ সালের জনসংখ্যার হিসাব?
১৯৬০ সালের গবেষণার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে, এতে ধরে নেয়া হয়েছিল, অতীতের জনসংখ্যা বৃদ্ধির ধারা ভবিষ্যতেও একইভাবে চলতে থাকবে। কিন্তু বাস্তবে জনসংখ্যা বৃদ্ধির ওপর জন্মহার, মৃত্যুহার, চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি, নগরায়ণ এবং সামাজিক পরিবর্তনের মতো নানা বিষয় প্রভাব ফেলে।

১৯৬০-এর দশকে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর বিভিন্ন দেশে জন্মহার কমতে শুরু করে। ফলে জনসংখ্যা বৃদ্ধির গতিও ধীরে ধীরে কমে আসে।

গবেষণাটি প্রকাশের সময় বিশ্বের জনসংখ্যা ছিল আনুমানিক ৩০০ কোটি। বর্তমানে তা ৮০০ কোটির বেশি হলেও ১৯৬০ সালের মডেলে দেখানো অসীম জনসংখ্যার ধারণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মূলত জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক প্রবণতা পরিবর্তিত হওয়ায় গবেষণাটির পূর্বাভাস বাস্তবে কার্যকর হয়নি।

জনসংখ্যা বৃদ্ধির বদলে এখন বড় উদ্বেগ জন্মহার কমে যাওয়া
বিশ্ব জনসংখ্যার ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক পূর্বাভাসও ১৯৬০ সালের গবেষণার ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ৮২০ কোটি। ধারণা করা হচ্ছে, ২০৮০-এর দশকের মাঝামাঝি সময়ে এই সংখ্যা প্রায় ১ হাজার ৩০ কোটিতে পৌঁছাবে। এরপর জনসংখ্যা ধীরে ধীরে কমতে পারে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৮৪ সালের দিকে বিশ্ব জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর ২১০০ সালের মধ্যে তা কমে প্রায় ১ হাজার ২০ কোটিতে দাঁড়াতে পারে। এর পেছনে অন্যতম কারণ হলো বিশ্বের বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়া।

একসময় অতিরিক্ত জনসংখ্যা, খাদ্যসংকট ও সম্পদের সীমাবদ্ধতা ছিল বড় উদ্বেগের বিষয়। কিন্তু বর্তমানে অনেক দেশকে উল্টো জনসংখ্যা হ্রাস, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শ্রমবাজার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর নতুন ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের আরেকটি আলোচিত বিষয় হলো ‘ডুমসডে ক্লক’ বা মহাপ্রলয়ের ঘড়ি। ১৯৪৭ সালে ‘বুলেটিন অব দি অ্যাটোমিক সাইন্টিস্ট’ নামের একটি প্রতিষ্ঠান এই প্রতীকী ঘড়ি চালু করে। পারমাণবিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, জীবপ্রযুক্তির ঝুঁকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক হুমকির মাত্রা বোঝাতে ঘড়িটি ব্যবহার করা হয়।

২০২৬ সালের জানুয়ারিতে ঘড়িটির কাঁটা মধ্যরাতের মাত্র ৮৫ সেকেন্ড আগে নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানটির মূল্যায়নে এটিই ছিল ঘড়িটির ইতিহাসে মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি অবস্থান।

প্রতিষ্ঠানটির সম্পাদক জন মেকলিন বলেন, বিশ্ব যে পথে এগোচ্ছে, তা টেকসই নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর নেতাদের বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি কমাতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

তবে ডুমসডে ক্লক কোনো নির্দিষ্ট দিনে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বাভাস দেয় না। এটি মূলত মানবসভ্যতার সামনে থাকা বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির একটি প্রতীকী ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...