ফেনী জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এক সপ্তাহের ব্যবধানে বদলি করা হয়েছে। তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ফেনীতে আসচেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মো. হাবীবুল্লাহ। সে হিসাবে মাত্র সাত দিনের মাথায় তাঁকে ফেনী থেকে সরিয়ে দেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে মো. হাবীবুল্লাহ গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে ফেনীতে বদলি করা হয়েছিল। একই সময়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।